জানো না নাকি? মা-বাবা কোনো শিক্ষা দেয়নি?” হঠাৎ রোকসানা সিকদারের এহেন কথায় ইশার পা জোড়া থেমে যায়। পুরো বাড়ি ঘোরা হলে সবাই মিলে ছাদে গিয়েছিল। ছাদেও অনেক গাছ লাগানো। সবার জন্য গোল টেবিল আর বেঞ্চ আছে, আবার ওপরে ছাউনি দেওয়া। এরকম চারটা টেবিল আছে। সবাই সেখানে বসে আড্ডা দিয়েছে কিছুক্ষণ। ইশা সবার পিছে পড়ে যায়, বাকিরা চলে গেছে। ইশা প্রথমে ভাবে কিছু না বলে চলে যাবে; পরক্ষণেই আবার তেহরীদ-এর সেই কথা মনে পড়ে যায়, তাই আবার থেমে বলে… “বাড়ির অন্য বউরা ঘুরে না দেখে যে আমি ঘুরতে পারব না—এমন কোনো কথা নেই। আর বিয়ের পর যে শাড়ি-ই পরতে হবে এমন কোনো নিয়ম কোথাও লেখা নেই। আর কে কাকে শিক্ষা দেয়নি সেটা তো ব্যবহারেই বোঝা যায়।”
★
তেহরীদ বাবার সাথে শপিং করে বাসায় ফিরে দেখে ইশার বাবা-চাচা দাদার সাথে কথা বলছেন। তেহরীদ সালাম দিয়ে ভালো-মন্দ জিজ্ঞেস করে রুমে আসে ফ্রেশ হওয়ার জন্য। তেহরীদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মেহজাবীন সিকদার বসে আছেন। তেহরীদ মাকে দেখে একটু অবাকই হয়। কারণ মা সচরাচর তার রুমে খুব একটা আসেন না। তেহরীদ হাত-পা মুছে মায়ের পাশে খাটের ওপর বসে। মায়ের সাথে তার দূরত্ব বেড়েছে বহু দিন, কয়েক বছর হবে। মায়ের সাথে আর আগের মতো সেই বন্ডিং নেই। “কিছু বলবে আম্মু?” “হ্যাঁ বলব, বলার জন্যই এসেছি।” “বলো, কী বলবে।”
“ইশার বাড়ি আজকে সবাই আসার প্রধান কারণ হলো—তোমাকে আর ইশাকে তারা সাথে করে নিয়ে যাবে। আর আমরা কাল অথবা পরশু গিয়ে আবার তোমাদের নিয়ে আসব।” “কিন্তু আমি যেতে চাই না আম্মু। ইশা যাক, কিছুদিন বেড়িয়ে আসুক। আর কেউ না বুঝলেও তুমি যে আমাকে বোঝো আমি জানি আম্মু।”

