ভূমিকা
মহানবী মুহাম্মাদ সা. ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তাঁর নবুওয়াতী জীবনের প্রথম দশক মক্কায় কাটে। সেখানে তিনি পথভ্রষ্ট মানুষদের ইসলামের দিকে আহ্বান করেন। ফলে মক্কার কাফির-মুশরিক দ্বারা তিনি ও তাঁর সাহাবীগণ নানা রকম নির্যাতনের শিকার হন। তিনি ৬২২ খ্রিষ্টাব্দে আল্লাহর হুকুমে মদীনায় হিজরত করে তথায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সা. তাঁর আনীত ইসলামকে বহির্বিশ্বে বৃহত্তর পরিসরে অমুসলিমদের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। বিশ্ব দরবারে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহানবী সা. বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের দাওয়াত সংবলিত পত্র পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ৭ম হিজরী সনের শুরুর দিকে রোম, পারস্য, মিসর, আবিসিনিয়া, বাহরায়ন, ওমান, ইয়ামান, সিরিয়া প্রভৃতি দেশের বাদশা, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন অঞ্চলের গোত্রপ্রধানদের নিকট ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাঁর দূত মারফত বহু পত্র প্রেরণ করেন।
রাসূলুল্লাহ সা.-এর এ সব পত্রের ভাব, ভাষা, আলংকারিক দিক ও উপস্থাপনার অনন্যতা পাঠকের কাছে এতটাই হৃদয়গ্রাহী ও আকর্ষণীয় ছিল যে, সে সব পত্রের আহ্বানে অনেক রাজা-বাদশা অভিভূত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করেন। বস্তুত ইসলামের প্রচার ও প্রসারে রাসূলুল্লাহ সা.-এর ঐতিহাসিক এসব পত্রসমূহের ভূমিকা অনস্বীকার্য। ইতিহাসের প্রাচীন গ্রন্থসমূহে রাসূলুল্লাহ সা.-এর এসব পত্রাবলী সংরক্ষিত আছে।
বিভিন্ন যুগের আরবী পত্রসমূহ গদ্যসাহিত্যের অন্যতম সম্পদ। সাহিত্যের বিচারে রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলী অনেক গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এসব পত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগসহ দেশের কওমী ও আলিয়া মাদরাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে।
আমি পত্রসমূহের মূল এবারত ‘জামহারাতু রাসায়িলিল ‘আরাব’ গ্রন্থ থেকে গ্রহণ করেছি। পাঠকের সুবিধার জন্য প্রত্যেকটি আরবী পত্রে হরকত সংযোজন করে দিয়েছি। কোন প্রকার ভুল-ত্রুটি পাঠকের দৃষ্টিগোচর হলে আমাকে পরামর্শ দানের জন্য অনুরোধ করছি। রাসূলুল্লাহ সা.-এর ঐতিহাসিক এ পত্রাবলী বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরতে