মিত্ররা হোক, তারা যদি এ চুক্তির পক্ষসমূহের প্রতি বিশ্বস্ত থাকে, তবে তারাও এসব অধিকার ভোগ করবে—বিশ্বস্ততায়, বিশ্বাসভঙ্গে নয়। প্রত্যেকে তার কৃতকর্মের অনুরূপ ফল ভোগ করবে। আল্লাহ তারই সাথে রয়েছেন যে এ চুক্তিনামার শর্তাদি পালনে সর্বাধিক নিষ্ঠাবান।
৪৭. এ চুক্তিনামা কোন অত্যাচারী ও অপরাধীকে রক্ষা করবে না। যুদ্ধে গমনকারী এবং মদীনায় যারা থেকে যাবে, সকলেই নিরাপত্তা লাভের হকদার হবে, তবে যুলুমে লিপ্তরা এবং বিশ্বাসভঙ্গকারীরা নয়। আল্লাহ কেবল তারই রক্ষাকারী, যে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে চুক্তিপালন করে এবং মুহাম্মদ সা.-ও তার সাথে রয়েছেন।
হুদায়বিয়ার সন্ধি
(كِتَابُ الصُّلْحِ بَيْنَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ قُرَيْشٍ عَامَ الْحُدَيْبِيَةِ)
রাসূলুল্লাহ সা. ৬ষ্ঠ হিজরীর জিলকাদা মাসে প্রায় চৌদ্দশজন সাহাবীকে সঙ্গে নিয়ে বায়তুল্লাহ জিয়ারত তথা উমরা পালনের উদ্দেশ্যে রওনা হন। তিনি উমরার উদ্দেশ্যে এহরাম বেঁধে কুরবানীর জন্তু সঙ্গে নিয়ে বের হন। রাসূলুল্লাহ সা. তাঁর সঙ্গীসাথীদের নিয়ে বায়তুল্লাহ জিয়ারতের খবর ইতিমধ্যে মক্কার কুরায়শরা অবগত হয়ে যায়। ফলে তারা তাদেরকে বাঁধার সৃষ্টি করে। কুরায়শরা প্রচার করে যে মুসলমানরা মক্কা আক্রমণের জন্য আগমন করেছে। মুসলমানদের পক্ষ থেকে জোরালোভাবে ঘোষণা করা হলো যে, মুসলমানরা শুধু বায়তুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যেই এসেছে। যুদ্ধের অভিপ্রায় তাদের নেই। রাসূলুল্লাহ সা. কুরায়শ সরদারদের কাছে তাঁর আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য ‘উছমান ইবন আফফান রা. কে মক্কায় পাঠান। ‘উছমান রা. যেন আবূ সুফিয়ান ও অন্যান্য কুরায়শ সরদারদের কাছে এ মর্মে অবগত করেন যে, রাসূলুল্লাহ সা. যুদ্ধের অভিপ্রায়ে আসেননি, বরং তিনি কেবল আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যেই এসেছেন। তারপর ‘উছমান রা. মক্কার সরদারদের কাছে যান এবং রাসূলুল্লাহ সা.-এর পয়গাম তাদের নিকট পৌঁছে দেন। কুরায়শরা তাকে তাদের কাছে আটক করে রাখে। এদিকে রাসূলুল্লাহ সা. এবং মুসলমানদের কাছে খবর রটে যায় যে,