দরবারে পৌঁছলে নবী করীম সা. তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিজের পাশাপাশি আসনে বসান। রাসূলুল্লাহ সা. ওয়ায়েলের জন্য প্রাণভরে দু‘আ করলেন। ওয়ায়েল ইবন হুজর রা. নবী সা.-এর সাহচর্য পেয়ে অত্যন্ত খুশি হন এবং কিছুদিন মদীনায় অবস্থানের পর স্বদেশে ফিরে যান। রাসূলুল্লাহ সা.-এর পত্রটির পাঠ নিম্নরূপ—
“مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى الأَقْيَالِ الْعَبَاهِلَةِ مِنْ أَهْلِ حَضْرَمَوْتَ
بإقَامَةِ الصَّلاةِ، وَإِيْتَاءِ الزَّكَاةِ، عَلَى التِّيَعْةِ الشَّاةُ وَالتِّيْمَةُ لِصَاحِبِهَا، وَفِى السُّيُوْبِ الْخُمُسُ، لاَخِلاَطَ وَلاَ وِرَاطَ وَلاَ شِنَاقَ وَلاَ شِغَارَ، وَمَنْ أجْبَى فَقَدْ أَرْبَى، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ”.
‘আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে হাযরামাওতবাসী কর্তৃক নিযুক্ত আবাহেলা সরদার-এর প্রতি। আদেশ করেন নামায আদায়ের, যাকাত প্রদানের, যে পরিমাণ পশু বিদ্যমান থাকলে যাকাত ওয়াজিব হয় তার যাকাত একটি ছাগল। আর নেসাব-অতিরিক্ত অংশ মালিকের থাকবে। আর খনীলব্ধ সম্পদে এক পঞ্চমাংশ যাকাত। যাকাত প্রদানের ক্ষেত্রে খেলাত, ওরাত, শেনাক, শেগার নিষিদ্ধ। যে পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে ক্রয়-বিক্রয় করল সে সুদের কারবার করল। প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম।’
ওয়ায়েল ইবন হুজর রা. ইসলাম গ্রহণের পর বাদশাহী পরিত্যাগ করে মহানবী সা.-এর সাহচর্য ও গোলামীকেই সম্মানের পথ হিসেবে বেছে নেন এবং তিনি শেষ পর্যন্ত একজন উঁচুস্তরের সাহাবীর মর্যাদায় ভূষিত হোন। তার বর্ণিত হাদীছের সংখ্যা প্রচুর। নামাযে সশব্দে ‘আমীন’ বলার হাদীসের তিনিই রাবী।
ফারওয়া ইবন ‘আমর আল-জুযামীর
প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فَرْوَةَ بْنِ عَمْرٍو الْجُذَامِىِّ)
ফারওয়া আল-জুযামী বালকা নামক রোমক সাম্রাজ্যের একটি সীমান্তবর্তী প্রদেশের গভর্নর ছিলেন। মাআন, আম্মান ও পার্শ্ববর্তী এলাকাসমূহ ছিল রোমক সম্রাটের পক্ষ থেকে এই গভর্নরের শাসনাধীনে। মাআন ছিল তার রাজধানী। আরব উপদ্বীপের উত্তর পশ্চিমে আকাবা থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী এই এলাকাটি এখন পূর্ব জর্ডানের মধ্যে পড়েছে। বালকার