নিকট তোমাদের প্রতিনিধিদল এসে পৌঁছেছে। আমি তাদের সামনে তাই উপস্থাপন করছি, যা তাদের আনন্দ দিয়েছে। আর আমি যদি তোমাদের মাঝে আমার অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমি তোমাদেরকে হাজর থেকে বের করে দিতে পারব। সুতরাং তোমাদের অনুপস্থিতিদের সুপারিশ আমি গ্রহণ করলাম এবং উপস্থিতদের উপর শ্রেষ্ঠত্ব দিলাম। সুতরাং তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা সদা স্মরণ রাখবে।’
ইয়ামামার অধিপতি হাওযার প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
( كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هَوْذَةَ بْنِ عَلِى صَاحِبِ الْيَمَامَةِ)
ইয়ামামা ছিল নাজদের একটি প্রাচীন জনপদ। এটি শামের মরুঅঞ্চলের দক্ষিণে অবস্থিত। ইয়ামামায় প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হতো। ৭ম হিজরীর শুরুর দিকে রাসূলুল্লাহ সা. যে-সকল রাজাবাদশার নিকট দূত মারফত ইসলামের দিকে আহ্বান করে পত্র পাঠিয়েছিলেন তাদের মধ্যে ইয়ামামার বাদশা অন্যতম। বাদশা হাওযার প্রতি রাসূলুল্লাহ সা.-এর লিখিত পত্রের বাহক হিসেবে দায়িত্ব পালন করেন সাহাবী সালীত ইবন ‘আমর আল-‘আমিরী। হাওযা ইবন ‘আলী হানফী ইসলামপূর্ব যুগ ও ইসলামী যুগে তার গোত্রের কবি ও বক্তা ছিলেন। ফলে তার গোত্রের লোকদের কাছে তাঁর সম্মান ও আধিপত্য বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সা.-এর পত্রখানার পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى هَوْذَةَ بْنِ عَلِىِّ
سَلاَمٌ عَلَى مَنْ اتَّبَعَ الْهُدَى، وَاعْلَمْ أَنَّ دِيْنِىْ سَيَظْهَرُ إِلَى مُنْتَهَى الْخُفِّ وَالْحَافِرِ، فأسْلِمْ تَسْلَمْ وَأجْعَلُ لَكَ مَا تَحْتَ يَدَيْكَ”.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে হাওযা ইবন ‘আলীর প্রতি।
যে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত তার প্রতি সালাম বর্ষিত হোক। আপনি জেনে রাখুন! অবিলম্বে যতদূর পর্যন্ত উট ও ঘোড়ার খুর পৌঁছবে (অর্থাৎ সমগ্র বিশ্বে) আমার দীন প্রচারিত হবে। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে আপনি শান্তিতে থাকবেন এবং আমি আপনার রাজত্ব আপনার হাতেই রেখে দেবো।’