আরবের মরুদিগন্তে আজ এ কী আনন্দোজ্জাল! মরি! মরি! আজ তার কী গৌরবের দিন। সবচেয়ে যে নিঃস্ব, সবচেয়ে যে রিক্ত তাহারই অন্তর আজ এমন করিয়া ঐশ্বর্যে ভরিয়া গেল! চরম রিক্ততার অধিকারেই কি আজ সে এমন চরম পূর্ণতার গৌরব লাভ করিল! বেদুঈন বালারা অকস্মাৎ ঘুম হইতে জাগিয়া উঠিয়া অবাক বিস্ময়ে চাহিয়া রহিল। দিগন্ত- বিস্তৃত উষর মরুর দিকে দিকে আজ এ কী অপূর্ব দৃপ্ত। এত আলো, এত রূপ কোথা হইতে আসিল আজ? আজিকার প্রভাত এমন স্নিগ্ধ পেলব হইয়া দেখা দিল কেন? খর্জুর-শাখায় আজ এত শামলিমা কে ছড়াইয়া দিল? মেষ-শিশুরা আজ এত উল্লসিত কেন? নহরে-নহরে এত স্নিগ্ধ বারিধারা আজ কোথা হইতে আসিল? কিসের উল্লাস আজ দিকে দিকে?
আকাশ-পৃথিবীর সর্বত্র আজ এমনই আলোড়ন। ছন্দ-দোলায় সারা সৃষ্টি আজ যেন দোল খাইতে লাগিল। জড়-চেতন সকলের মধ্যেই আজ যেন অভূতপূর্ব এক শান্তির হিল্লোল বহিয়া গেল। কোথাও ব্যথা নাই, বেদনা নাই,, দুঃখ নাই, অভাব নাই; সব রিক্ততার আজ যেন অবসান ঘটিয়াছে, সব অপূর্ণতা আজ যেন দূরীভূত হইয়াছে। বিশ্বভুবনে আল্লার অনন্ত আশীর্বাদ ও অফুরন্ত কল্যাণ নামিয়া আসিয়াছে। আকাশে-বাতাসে, জলে-স্থলে, লতায়-পাতায়, জড়-চেতনে আজ যেন সার্থকতা ও পরিপূর্ণতার এক মহাতৃপ্তি ভাসিয়া বেড়াইতেছে। মহাকাল-ঋতুচক্রে আজ কি প্রথম বসন্ত দেখা দিল? প্রকৃতির কুঞ্জবনে তাই কি আজ এত শোভা, এত সমারোহ? সেই বনে আজ নানা রঙের ফুল ফুটিয়াছে, আর সবার মাঝখানে কেবলমাত্র একটি গুলাবই রূপে-রসে-বর্ণে-গন্ধে পূর্ণ বিকশিত হইয়া বিশ্বভূবন উজালা করিয়া আছে!
কে এই নব অতিথি-কে এই বিহিশতী নূর-যাহার আবির্ভাবে আজ দ্যুলোক-ভূলোকে এমন পুলক শিহরণ লাগিল?
এই মহামানবশিশুই আল্লার প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর- নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ-মানবজাতির চরম এবং পরম আদর্শ-স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি-বিশ্বনবী-
-হযরত মুহম্মদ-(সাল্লাল্লাহু আলায় হি অ-সাল্লাম!)