পরিচ্ছেদ: ২
কোন্ আলোকে?
কে এই মুহম্মদ? তাঁহার প্রকৃত স্বরূপ কী? সত্য পরিচয় কী?
একদিকে দেখিতেছি তিনি আল্লার প্রেরিত রসুল। অপরদিকে দেখিতেছি তিনি পৃথিবীর মানুষ-রক্তমাংস দিয়া গড়া তাঁর শরীর। একদিকে তিনি স্রষ্টার, অপরদিকে তিনি সৃষ্টির। কোন্ আলোকে এখন আমরা তাঁহাকে গ্রহণ করিব? কোন্ চক্ষে দেখিব? তিনি কি মানুষ, না অতিমানুষ?
এই জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা আমরা এখানে করিব না। এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে পাঠক ইহার বিস্তৃত আলোচনা দেখিতে পাইবেন। তুবে এ সম্বন্ধে এখানে দুই-একটি কথা না বলিয়াও আমরা অগ্রসর হইতে পারিতেছি না। হযরত মুহম্মদের জীবনালোচনা করিতে হইলে আমাদের দৃষ্টিকোণ সম্বন্ধে প্রথমেই সজাগ হইতে হইবে; অন্যথায় আমরা তাঁহাকে সম্যকরূপে চিনিতে ও বুঝিতে পারিব না-তাঁহার জীবনের অনেক ঘটনাই আমাদের কাছে হয়ত বিসদৃশ বোধ হইবে।
হযরত মুহম্মদকে সত্য করিয়া চিনিবার পক্ষে সবচেয়ে বড় বাধাই হইতেছে আমাদের দৃষ্টিভঙ্গীর এই বিভ্রম। আমরা দোষে-গুণে জড়িত মানুষ, সীমাবদ্ধ আমাদের জ্ঞান। তাই স্বভাবতই তাঁহাকে আমাদের মত করিয়া দেখি এবং আমাদের মাপকাঠিতে বিচার করি। কিন্তু সত্যই কি তিনি ‘আমাদের মত’ মানুষ ছিলেন?
কেমন করিয়া বলি? যাঁহার জীবনে এত অতিমানবিক উপাদান রহিয়াছে, তাঁহাকে শুধুই ‘মানুষ’ বলিতে পারি কি?তবে তিনি কি মানুষ ছিলেন না? তাহাই বা কি করিয়া বলা যায়? তাঁহার জীবনের প্রতিটি ঘটনা ইতিহাসের আলোকে সমুজ্জল। কে ইহা অস্বীকার করিবে?
• হযরত মুহম্মদের নামোল্লেখের সঙ্গে সঙ্গে তাঁহার উপর দরুদ পাঠ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আশা করি পাঠক-পাঠিকা নিষ্ঠার সহিত সে কর্তব্য পালন করিবেন।