নূতন ভারতীয় সংস্করণের ভূমিকা

‘বিশ্বনবী’র নূতন ভারতীয় সংস্করণের ভূমিকা লিখিতে বসিয়া আজ শুধু বারে বারে আল্লাহ তালার করুণার কথাই মনে পড়িতেছে। কোন পুস্তকের আটটি সংস্করণের ভূমিকা লিখিবার সৌভাগ্য খুব কম লেখকের ভাগ্যেই ঘটিয়া থাকে।

এই সংস্করণের আগাগোড়া এবার আমি দেখিয়া দিয়াছি, স্থানে স্থানে বিছু কিছু সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছি। কিছু কিছু নূতন তথ্যও সংযোজিত হইয়াছে। গতবার পুস্তকের জ্যাকেট না দেওয়ায় অনেকেই ক্ষুন্ন হইয়াছিলেন। এবার সে অভাব পূর্ণ করা হইল। মুদ্রণ-পারিপাট্যও পূর্বাপেক্ষা এবার উন্নত হইয়াছে।

বিশ্বনবীর অনেক স্থানে কুরআন শরীফের আয়াত উদ্ধৃত করা হইয়াছে: মূল আরবী আয়াত না দিয়া শুধু বাংলা তর্জমা দিয়াছি। সেই সব তর্জমার কোন কোন স্থানে আল্লাহ সম্বন্ধে ‘আমরা’ (বহুবচন) ব্যবহৃত হইয়াছে। যেমন:”এবং যে কেহ এই দুনিয়ার পুরস্কার চায়, তাহাকে আমরা তাহাই দেই এবং যে কেহই পরকালের পুরস্কার চায়, তাহাকেও আমরা তাহাই দেই। আমরা কৃতজ্ঞদিগকে পুরস্কৃত করিব।” -(৩:১৪৪)

এখানে আল্লার পরিবর্তে ‘আমরা’ শব্দের ব্যবহার দেখিয়া অনেক পাঠকের মনেই প্রশ্ন জাগে। তাঁহারা ভাবেন: আল্লাহ্, এক, অদ্বিতীয় ও লা-শরীক; কাজেই তাঁহার সম্বন্দ্বে ‘আমরা’ (বহুবচন) ব্যবহার করা যাইতে পারে না। তাই অনেকের ধারণা ইহা তর্জমার ভুল। কিন্তু তর্জমায় কোন ভুল হয় নাই। তর্জমা ঠিকই আছে। অন্য একটি গূঢ় কারণে ‘আমি’ স্থলে ‘আমরা’ লিখিতে হইয়াছে। আরবী ভাষায় সম্মানীয় ব্যক্তিদিগের বেলায় বহুবচন ব্যবহৃত হয়। ইহাকে সম্মানার্থে বহুবচন বলে। অন্যান্য ভাষাতেও এ বাক্-রীতি প্রচলিত আছে। কোন রাজকীয় ঘোষণায় সম্রাট, সম্রাজ্ঞী বা রাষ্ট্রপতি উত্তম পুরুষের বহুবচন